নৈরাজ্য দমনে কঠোর হওয়ার ঘোষণা স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর

ঢাকা: বিএনপি, জামায়াত-শিবিরের নৈরাজ্য দমনে আরো কঠোর হওয়ার ঘোষণা দিয়েছেন নতুন সরকারের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেছেন, “বাঙালি  শান্তিপ্রিয়। যারা তাদের শান্তি বিনষ্ট করছে, তাদের কোনো ছাড় নয়। একাত্তরে অনেক রক্তের বিনিময়ে স্বাধীন দেশ ও পতাকা পেয়েছি। সরকারি সম্পদ ও জনগণের জানমাল রক্ষায় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাদের ওপর অর্পিত দায়িত্ব পালন করবে। যারা ধ্বংসাত্মক কাজ করছে, এখনই তা বন্ধ করতে হবে।”

রোববার রাত ১০টার দিকে রাজধানীর মনিপুরী পাড়ায় নিজ বাসায় দৈনিক সমকালকে  দেয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন ঢাকা-১২ আসনের আওয়ামী লীগ দলীয় এই এমপি।

আসাদুজ্জামান খান কামাল বলেন, “আজ যখন প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিতে যাই, তখন প্রধানমন্ত্রী মনে করিয়ে দেন, আমি একজন মুক্তিযোদ্ধা। অনেক আশা করে প্রধানমন্ত্রী আমাকে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব দিয়েছেন। কাজের মধ্য দিয়ে তার প্রমাণ দিতে হবে। ”

স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, “অনেক দিন ধরেই দেশজুড়ে বিএনপি, জামায়াত-শিবির নাশকতা চালাচ্ছে। তারা স্কুল-কলেজ পুড়িয়ে দিয়েছে। সাধারণ মানুষকে পুড়িয়ে মারছে। তাদের হামলা থেকে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও রেহাই পায়নি। আমরা এ ধরনের তাণ্ডব প্রতিহত করা চেষ্টা চালিয়ে আসছি। দেশবিরোধী শক্তিকে কঠোরভাবে মোকাবেলা করতে হবে।”

তিনি বলেন, “দেশে কোনো জঙ্গিবাদের প্রশ্রয় দেয়া হবে না। সব মানুষ শান্তিতে বসবাস করবে। শান্তিপ্রিয় বাঙালির মধ্যে আতঙ্ক ছড়াচ্ছে বিএনপি, জামায়াত-শিবির। অনেক রক্তের বিনিময়ে আমরা এ দেশ স্বাধীন করেছি। বাঙালি এত সহজে হারবে না।”

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিটি সদস্য স্বাধীনভাবে তাদের ওপর অর্পিত দায়িত্ব পালন করবে। অতীতের মতো আগামীতে তারা নৈরাজ্যকারীদের শক্ত হাতে দমন করবে। যারাই সরকারি সম্পদ ও সাধারণ মানুষের ওপর হামলা করবে, তাদেরকেই আইনের আওতায় আনা হবে। দেশের শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে আমাদের সাধ্যের সবটুকু ব্যবহার করা হবে। দোয়া করবেন, যাতে নতুন দায়িত্ব সুচারুভাবে পালন করতে পারি।”
Share on Google Plus

About Unknown

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment