বিচ্ছিন্ন ঘটনায় চলছে জামায়াতের সকাল-সন্ধ্যা হরতাল

দশ ট্রাক অস্ত্র মামলায় মতিউর রহমান নিজামীর মৃত্যুদণ্ডের প্রতিবাদে জামায়াতে ইসলামীর ডাকা হরতাল চলছে কড়া নিরাপত্তার মধ্যে। এক দফা পিছিয়ে আজ বৃহস্পতিবার সকাল ৬টা থেকে সারা দেশে দলটির এই কর্মসূচি শুরু হয়েছে, যা চলবে সন্ধ্যা পর্যন্ত। হরতালে বিশৃঙ্খলা এড়াতে ভোর থেকেই রাজধানীর প্রতিটি সড়কে বিপুল সংখ্যক পুলিশ সদস্য অবস্থান নিয়েছেন। রাজধানীর সব সড়কেই রিকশা ও অটোরিকশা চলছে। পাশাপাশি বেশ কিছু বাস ও প্রাইভেট কারও বেরিয়েছে রাস্তায়। কমলাপুর রেলওয়ে স্টেশন ও সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে ট্রেন ও লঞ্চ চলাচল স্বাভাবিক বলে কর্তৃপক্ষ জানিয়েছে।
রাজধানীর শাহজাদপুরে হরতালের সমর্থনে ঝটিকা মিছিল থেকে তিনটি ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে শিবিরের নেতা-কর্মীরা। আজ বৃহস্পতিবার সকাল সোয়া ৭টার দিকে আশপাশের কয়েকটি গলি থেকে শিবিরের ১৫-২০ জন নেতা-কর্মী হঠাৎ মিছিল বের করে। পরে ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে পুলিশ আসার আগেই সটকে পড়ে তারা। মিছিলে নেতৃত্বে দেন ঢাকা মহানগর (উত্তর) শিবিরের সেক্রেটারি ফয়সাল পারভেজ ও প্রচার সম্পাদক কামরুল ইসলাম।
হরতাল সমর্থনে আজ সকাল সাড়ে ৭টায় রাজধানীর হাজারীবাগে বিক্ষোভ মিছিল করেছে হাজারীবাগ থানা জামায়াত। মিছিলে নেতৃত্ব দেন হাজারীবাগ থানা আমির শরীফ উদ্দিন। এ সময় আরো উপস্থিত ছিলেন আব্দুল বারী, মুহাম্মদ আলী, নূর মোহাম্মদ মণ্ডল, ছাত্রশিবির প্রাইভেট বিশ্ববিদ্যালয় শাখা সেক্রেটারি তারেক আবদুল্লাহ, প্রকাশনা সম্পাদক জাহাঙ্গীর আলম রনি, সমাজসেবা সম্পাদক রাজিবুল ইসলাম, শিবির নেতা বখতিয়ার তুহিন, নূরুজ্জামানসহ নেতৃবৃন্দ।
রাজধানীর খিলগাঁও এলাকায় হরতালের সমর্থনে মিছিল করেছে শিবির নেতা-কর্মীরা। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে খিলগাঁও তালতলা এলাকা থেকে মিছিলটি বের করা হয়। মিছিলে নেতৃত্ব দেন ঢাকা মহানগর শিবির সেক্রেটারি মনিরুজ্জামান। শিবির পূর্বের প্রচার সম্পাদক আব্দুল কাদেরসহ বেশ কয়েকজন শিবিরকর্মী মিছিলে উপস্থিত ছিলেন। মিছিল শেষে শিবির নেতা-কর্মীরা রাস্তায় পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেয়। এ সময় রাস্তায় যানচলাচল বন্ধ থাকে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে আসার আগেই নেতা-কর্মীরা চলে যায়।
বিএনপিবিহীন নির্বাচনে বিজয়ী হয়ে গত মাসে আওয়ামী লীগ সরকার গঠনের পর এটাই প্রথম হরতাল। বিএনপির জোটসঙ্গী জামায়াতও ওই নির্বাচন বর্জন করে। যুদ্ধাপরাধের বিচারের বিরোধিতায় গত বছর এ দলটির দফায় দফায় হরতাল ঘিরে সারা দেশে ব্যাপক সহিংসতা ঘটে।
দশ ট্রাক অস্ত্র মামলায় দলের আমির নিজামীর রায়ের প্রতিবাদে ডাকা এই হরতালের আগের দিন জামায়াতকর্মীদের খুব বেশি তৎপরতা চোখে না পড়লেও বুধবার রাতে রাজশাহীতে একটি ট্রাকে আগুন দেওয়া হয়েছে। এ ছাড়া রাজধানীর কয়েকটি স্থানে হরতালের সমর্থনে জামায়াত ও শিবিরকর্মীদের মিছিলের খবর পাওয়া গেছে। ২০০৪ সালে চট্টগ্রামের সিইউএফএল জেটিঘাটে দেশের সবচেয়ে বড় অস্ত্রের চালান আটকের ঘটনায় তখনকার জোট সরকারের শিল্পমন্ত্রী মতিউর রহমান নিজামীসহ ১৪ আসামিকে গত ৩০ জানুয়ারি মৃত্যুদণ্ড দেয় চট্টগ্রামের একটি আদালত।
নিজামীকে হত্যার উদ্দেশ্যে ষড়যন্ত্রমূলকভাবে এই রায় দেওয়া হয়েছে অভিযোগ করে ৩ ফেব্রুয়ারি সোমবার সারা দেশে হরতাল ডাকে জামায়াত। তবে বিশ্ব এজতেমাফেরত মুসল্লিদের গন্তব্যে ফেরা এবং স্বরস্বতী পূজার কারণ উল্লেখ করে পরে হরতাল পিছিয়ে দেওয়া হয়। একাত্তরে হত্যা-নির্যাতনের মতো মানবতাবিরোধী অপরাধের অভিযোগে মতিউর রহমান নিজামীর বিরুদ্ধে আরেকটি মামলা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে রায়ের অপেক্ষায় রয়েছে।
Share on Google Plus

About Unknown

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment